দাড়ি রাখায় প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দাড়ি রাখার কারণে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সেনাপ্রধানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জেনারেল ওয়াকার-উজ-জামানের দাড়ি রাখাকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে রুহুল আমিন সাদী লেখেন, জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশের সেনাপ্রধান। সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে তাকে আগে দাড়ি রাখতে দেখিনি। তিনিই সম্ভবত প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
তিনি আরও লেখেন,
অনেকে বলতে পারেন, দাড়িই কি ইসলাম? জি ভাই, আমার কাছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাড়ির কারণে এ দেশে অনেক মানুষ বিভিন্ন সময়ে হয়রানি, গ্রেফতার কিংবা নানা ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। এমন একটি দেশের সেনাপ্রধান যদি দাড়ি রাখেন, আমি একে স্যালুট জানাই। আল্লাহ তাকে কবুল করুন।
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সেনাপ্রধানের এ পরিবর্তনকে ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় পরিচয়ের স্বাভাবিক প্রকাশ হিসেবেও মন্তব্য করছেন।
উল্লেখ্য, সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশে ফেরার পর তার নতুন এ উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























