কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে পড়া যাত্রী ছাড়াও বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মীও ছিলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় অনেক বাংলাদেশি কাতারে আটকে পড়েছিলেন। ফলে তারা নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষ ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
এর আগে ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের এ বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেয়া হয়েছে।
এ ছাড়া আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করে। সেখানে তথ্য জমা দিয়ে দ্রুত নিবন্ধন করার জন্য আটকে পড়া বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছিলো।
সবার দেশ/কেএম




























