বিদায়ী সংবর্ধনা পুলিশ সদর দফতরে
পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে
সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ কর্মস্থলে শেষ কর্মদিবস পালন শেষে তারা দায়িত্ব থেকে বিদায় নেন।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সদর দফতরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) উপমহাপরিদর্শক মো. আবুল খায়ের।
বিদায়ী কর্মকর্তাদের সম্মানে শেষ কর্মদিবসে পুলিশ সদর দফতরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মীরা তাদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
অবসরে যাওয়া অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ সর্বশেষ পুলিশ সদর দফতরের ডেভেলপমেন্ট শাখায় দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দীর্ঘ কর্মজীবন শেষ করেন।
অন্যদিকে রেজাউল করিম মল্লিক চলতি বছরের ৪ জুন অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পদোন্নতির পরও একই দায়িত্বে বহাল ছিলেন। গত ২৮ জুন পুলিশের চার অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হলেও তাকে কোনও নতুন দফতরে পদায়ন করা হয়নি। শেষ পর্যন্ত একই দায়িত্বে থেকেই তিনি অবসরে গেলেন।
রেজাউল করিম মল্লিক এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানে তার ভূমিকার কথাও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় তিনি পেশাগতভাবে বঞ্চনার শিকার হয়েছিলেন বলেও একাধিক সূত্র জানিয়েছে।
এদিকে উপমহাপরিদর্শক মো. আবুল খায়ের অবসরের আগে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় তিন কর্মকর্তার কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের মাধ্যমে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সবার দেশ/কেএম




























