নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম
নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেয়া স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অপসারণের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন চিফ প্রসিকিউটরকে তিনি স্বাগত জানান। পাশাপাশি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।
এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম-কে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।
তাজুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের সময় ট্রাইব্যুনাল ভবনের অবস্থা খুবই অগোছালো ছিলো। মূল ভবন পরিত্যক্ত অবস্থায় থাকায় তখন টিনশেডের একটি স্থাপনা থেকে কার্যক্রম চালাতে হয়েছে। আগের প্রসিকিউশন টিমের রেখে যাওয়া নথিপত্র ও বইপত্র বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিলো বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার প্রথমে জানিয়েছিলো যে বর্তমান ব্যবস্থা যেভাবে আছে, সেভাবেই চলবে। পরে গতকাল জানানো হয় যে নতুন কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। তখন তিনি নিজে থেকেই জানতে চান, তাকে কি পদত্যাগ করতে হবে কি না। তবে সরকার জানিয়েছিল, স্বাভাবিক প্রক্রিয়াতেই পরিবর্তন আনা হবে।
তাজুল ইসলাম বলেন, পদত্যাগ করলে বিষয়টি ভিন্ন বার্তা দিতে পারতো। তাই তিনি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব হস্তান্তরকে ইতিবাচক হিসেবে দেখেন।
সবার দেশ/কেএম




























