যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে মিসিসিপি উপকূলের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সেসনা ২১০ মডেলের বিমানটি মিসিসিপির পাসকাগৌলা ও হর্ন দ্বীপের মধ্যবর্তী সাগরে আছড়ে পড়ে। পরে উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ছয় আরোহীর লাশ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।
কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস জানিয়েছেন, নিহত দুই শিশুর একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের বয়স ১০ বছর।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর জানায়। বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিলো।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডসহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা তল্লাশি অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধানের একপর্যায়ে উদ্ধারকারীরা সাগরের পানিতে তিনটি লাইফ জ্যাকেট ও একটি লাইফ র্যাফট ভাসতে দেখেন। পরে পানিতে ভাসমান বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে ছয় আরোহীর লাশ উদ্ধার করা হয়।
নিউ অরলিন্সভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানিয়েছে, বিমানটির যাত্রীরা লুইজিয়ানার ভেনিস এলাকায় ছুটি কাটিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কোস্টগার্ডের মোবাইল এলাকার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধারের ঘটনাটি তাদের প্রত্যাশিত ছিলো না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বিমানের আরোহীদের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় আরেকটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি প্রচণ্ড গতিতে মাটিতে আছড়ে পড়লে পাইলটসহ এর নয় আরোহীর সবাই নিহত হন। পরপর এ ধরনের বিমান দুর্ঘটনা দেশটিতে ছোট উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সবার দেশ/কেএম




























