প্রথম দিনেই বড় অনুপস্থিতি
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। তবে প্রথম দিনেই দেখা গেল বড় সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি। মোট ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রথম দিনের পরীক্ষা শেষে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত তথ্যে জানা যায়, এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু বাস্তবে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। অর্থাৎ প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
দেশজুড়ে মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হয়।
এসএসসি অংশে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে নিবন্ধিত ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিলো ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার করা হয়েছে ২ শিক্ষার্থীকে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৫৪ হাজার ৯০৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় ১১ হাজার ২১১ জন অনুপস্থিত ছিলো। এ বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৪ জন পরীক্ষার্থীকে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে ১ লাখ ১৯ হাজার ২৫০ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন উপস্থিত ছিলো। অনুপস্থিত ছিলো ২ হাজার ৩০৭ জন। এছাড়া অনিয়মের অভিযোগে এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
প্রথম দিনের এ পরিসংখ্যান দেখাচ্ছে, পরীক্ষার শুরুতেই বড় সংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি উদ্বেগ তৈরি করেছে সংশ্লিষ্ট মহলে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























