নার্সদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ মে) সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিবসটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার। এ সময় কেক কাটার মাধ্যমে আন্তর্জাতিক নার্স দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এবারের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য ছিলো— ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সেবায় নার্সরা সবসময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও মানবিক সেবাই স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের আরও দক্ষ ও ক্ষমতায়িত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি নার্সদের পেশাগত উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
সবার দেশ/কেএম




























