স্বাধীনতা দিবসের উৎসবে বন্দুকধারীর হামলা
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত অন্তত ৮
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন তরুণীর অবস্থা গুরুতর।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা গেছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহত সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারী গুরুতর আহত হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়েও এখনও নিশ্চিত কোনও তথ্য জানাতে পারেনি তদন্তকারীরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ এ বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক উৎসব ও জনসমাগম চলছিল। সে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিউইয়র্কের ব্যস্ত কোনি আইল্যান্ড এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সবার দেশ/কেএম




























