আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানান, রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার পথে মিনিবাসটি একটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।
দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের অনেক সড়ক অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ চালনা, অতিরিক্ত যাত্রী বহন এবং পর্যাপ্ত নজরদারির অভাব যুক্ত হয়ে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।
গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিলো। কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলো। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটি ছিলো অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলে কর্মকর্তারা জানান।
সবার দেশ/কেএম




























