ফেনীতে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ফেনী জেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই অংশে চট্টগ্রামমুখী একটি লেনে সংস্কার কাজ চলছিলো। এ সময় একটি অ্যাম্বুল্যান্স ধীরগতিতে পার হচ্ছিলো। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুল্যান্সটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর বাস ও অ্যাম্বুল্যান্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে মহাসড়কে যানজট তৈরি হয় এবং পেছনে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন আটকে পড়ে।
এ অবস্থায় কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমে থাকা যানবাহনের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালে আনা আহতদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের কাজ চলার কারণে যানবাহনের ধীরগতি এবং পরপর দুটি বাসের বেপরোয়া গতিই এ ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























