পূর্ব বিরোধের জের
দিনাজপুরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়। রাতের আঁধারে বাড়িতে ঢুকে তারা ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মৃত দারাজ উদ্দিন শাহ’র ছেলে গোলাম মোস্তফা বলেন, হামলাকারীরা তার বাড়ির দরজা-জানালা ভেঙে ফেলে এবং পাকা বাথরুম গুঁড়িয়ে দেয়। এরপর ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে।
তিনি অভিযোগ করেন, আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৭ লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
তবে অভিযুক্ত পক্ষের প্রতিনিধি রিমি আক্তার ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, বাড়িটির পাকা বাথরুমটি রাস্তার পাশে হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিলো। সেটি সরিয়ে দিলে যাতায়াত সহজ হবে—এ কারণেই বাথরুম ভাঙা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) শিহাব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























