কোনও বিষয়ের অনার্স বন্ধের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
কোনও বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের কোনও সিদ্ধান্ত বা আলোচনা সরকারের পক্ষ থেকে হয়নি। বাংলা, দর্শন, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স বাতিলের যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমার জানামতে এমন কোনও আলোচনা হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটা কীভাবে বাদ যাবে? এ ধরনের কোনও সিদ্ধান্ত বা আলোচনার কথা আমি জানি না।
তিনি আরও বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে। বিশেষ করে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে প্রচলিত বা মানবিক বিষয়ের কোর্স বাতিল করা হবে।
মন্ত্রী বলেন, আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি মার্কেট ডিমান্ড অনুযায়ী নতুন সাবজেক্ট চালু করছি। কিন্তু বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয় বাদ দেয়ার কোনও সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, অনার্স কোর্স কমানো বা কোনও বিষয় বন্ধ করার কোনও পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের অধিভুক্ত কোনও অনার্স প্রোগ্রাম বন্ধের বিষয়ে সরকারের বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও সিদ্ধান্ত নেই।
সবার দেশ/এফও




























