ঘুমের মধ্যেই বলিউড অভিনেত্রীর মৃত্যু
মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেত্রী অনন্যা রাজ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু, সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকেও এক বিবৃতিতে অনন্যা রাজের আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে শোকাহত পরিবার এ কঠিন সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও নীরবতা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা রাজ অল্প বয়সেই অভিনয়জগতে পা রাখেন। হিন্দি সিনেমার পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্রেও কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনন্যার। এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হররধর্মী সিনেমা ‘গোস্ট’-এও দেখা যায় তাকে।
অভিনয়ের পাশাপাশি নিজের ক্যারিয়ারে ভিন্নধর্মী কাজের প্রতি আগ্রহী ছিলেন এ অভিনেত্রী।

শুধু বলিউডেই নয়, তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা রাজ। ‘থাগ্গেদে লে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রের দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি।
সিনেমার বাইরে একাধিক মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছিলেন অনন্যা। অল্প সময়ের ক্যারিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করে বিনোদন অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি।
মাত্র ২৭ বছর বয়সে তার এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত বিনোদনজগত। তবে তার মৃত্যুর বিস্তারিত কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সবার দেশ/কেএম




























