দ্রুত নির্বাচন হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
উপজেলা ও পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যেখানে বর্তমানে ইউএনওরা দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন দেয়া হবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব গ্রহণ করবেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির মূল কাঠামো শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি দীর্ঘদিন ব্যবহারহীন পড়ে আছে। বিষয়টি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সামনে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সরেজমিনে পরিদর্শনে আসেন।
তিনি বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।
এদিকে বিদ্যুৎ খাত নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির সদর দপ্তর রাজশাহী থেকেই পরিচালিত হবে, এটি বগুড়ায় স্থানান্তরের কোনও পরিকল্পনা নেই। তবে কার্যক্রম বিস্তৃত হওয়ায় বগুড়ায় একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে প্রস্তাব দেয়া হয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচনের সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























