বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের বিরুদ্ধে দলীয় শোকজ নোটিশ দেয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেয়া আগের বক্তব্যও প্রত্যাহার করে নেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য বিএনপিকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করা হবে না।
আরও পড়ুন <<>> মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
এর আগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করে দলটি। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানিয়ে এ পোস্ট দেন এনসিপি নেতা।
জানা যায়, রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আদালতটি পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।
মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রার্থী হওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে নির্বাচনে পরাজিত হন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সবার দেশ/কেএম




























