প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রীকে স্পিকারের সতর্কবার্তা
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে সরকারের পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে রুমিন ফারহানা বলেন, বাস্তবে গ্রামাঞ্চলের মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকছেন।
তিনি বলেন, আমরা লোডশেডিং বলি আর মেরামতজনিত বিদ্যুৎ-বিভ্রাট বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না—এটাই বাস্তবতা। মাননীয় মন্ত্রী এ মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি।
এ সময় তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমিত মজুদ ও সরবরাহ সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করতে হচ্ছে।
মন্ত্রী বলেন, উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে গ্যাস সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, গত ১৭ বছরে নতুন কোনও গ্যাস কূপ খনন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন <<>> দেশে লোডশেডিং নেই: সংসদে জ্বালানিমন্ত্রী
মন্ত্রী বলেন, আমরা এসে ড্রিলিং কার্যক্রম শুরু করেছি। আশা করি গ্যাস পাওয়া যাবে। গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো শিল্পকারখানাগুলোতেও সংযোগ দেয়া সম্ভব হবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে দেয়া পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।
ভবিষ্যতে সংসদে কোনও প্রতিশ্রুতি দেয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শও দেন স্পিকার। তিনি বলেন, সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, ড্রিলিংসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করেই দেবেন।
সংসদে এ আলোচনা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে সরকারের অবস্থান এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে পার্থক্যের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ এবং শিল্পখাতে গ্যাস সংকটের বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছেন বিভিন্ন সদস্য।
সবার দেশ/কেএম।




























