মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন-এর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেনো অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট।
বুধবার (৬ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাসেদুল ইসলাম জনি।
এর আগে ৪ মে একই বিষয়ে দায়ের করা রিট শুনানির কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, নৈতিক কারণে আদালত রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। আদালত সূত্রে জানা যায়, বিচারপতি আহমেদ সোহেল এবং আবেদনকারী মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় এলাকায় হওয়ায় তিনি মামলাটি শুনানি থেকে নিজেকে বিরত রাখেন। এরপর আবেদনটি বিচারপতি রাজিক-আল-জলিলের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন মনিরা শারমিন। এর আগে ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। পরে ২৬ এপ্রিল তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন-এ আপিল করলে শুনানি শেষে কমিশনও তার আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
সবার দেশ/কেএম




























