Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ৪ আগস্ট ২০২৬

আহতদের হাসপাতালে গিয়েও হামলা, নেতৃত্বে যুবদল নেতা নয়ন

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ একদিনে দেশের একাধিক স্থানে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বরিশাল বিএম কলেজ, আলিয়া মাদরাসা এলাকা এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে সংঘর্ষের ঘটনা রাজধানীজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিভিন্ন পক্ষ দাবি করেছে।

এদিকে সংঘর্ষের সময় ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় মাথায় হেলমেট, হাতে লাঠি ও জিআই পাইপ নিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নেতৃত্বের ভূমিকায় দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহত শিবির, ছাত্রশক্তি ও জকসু নেতাদের হাসপাতালে গিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাগুলোর জেরে বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও শিক্ষক সংগঠন বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

আলিয়া মাদরাসা এলাকায় সংঘর্ষে নেতৃত্বে যুবদল নেতা

মঙ্গলবার বিকেল ৫টার পর ঢাকা আলিয়া মাদরাসা মোড় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে দুই পক্ষের সংঘর্ষের জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে মাঠে সক্রিয়ভাবে দেখা যায়। সাদা পাঞ্জাবি পরিহিত নয়নের মাথায় ছিলো হেলমেট এবং হাতে ছিলো লাঠি বা জিআই পাইপ। তাকে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে এবং সংঘর্ষে নির্দেশনা দিতে দেখা যায়।

সংঘর্ষের একপর্যায়ে পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নয়ন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেনো?

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই একে অপরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পুলিশের ভূমিকা নিয়েও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষ

এর আগে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

জকসু প্রতিনিধি, ছাত্রশিবির, ছাত্রশক্তি এবং কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন। তাদের দাবির মধ্যে ছিলো দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরাণীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নয়ন।

অভিযোগ অনুযায়ী, প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে ধস্তাধস্তি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

জকসুর প্রতিনিধিদের অভিযোগ, তাদের কাছ থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।

সংঘর্ষে জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ভিডিওতে যা দেখা গেছে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা অডিটোরিয়ামে প্রবেশ করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন।

ভিডিওতে আরও দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকে ধাক্কা দেয়া হয়। একই সময় ছাত্রদল নেতা হিমেলকে বলতে শোনা যায়, ‘এই দরজা বন্ধ করো। দ্রুত গেট আটকাও।’ পরে মিলনায়তনের গেট বন্ধ করে দেয়া হয়।

জকসুর অভিযোগ

জকসুর নেতারা দাবি করেছেন, তারা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু তাদের সে কর্মসূচিতে বাধা দিয়ে হামলা চালানো হয়েছে।

জকসু জিএস আব্দুল আলিম আরিফ সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্রক্টর ছাত্রদল হয়ে গেছে, নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা। ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রক্টর অফিস ও ছাত্রদলের ক্যাডাররা। এছাড়া জকসুর প্রতিনিধিদের ধাক্কা দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

জকসু নেতাদের অভিযোগ, বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছাত্রশিবির, ছাত্রশক্তি ও জকসু নেতাদের ওপর ছাত্রদল ও যুবদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা আকস্মিক হামলা চালান।

অভিযোগে বলা হয়, হাসপাতালের ভেতরে প্রশাসনের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটলেও হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালের সামনে জড়ো হওয়ার পর উত্তেজনা আরও বাড়ে। পরে হাসপাতালের জরুরি বিভাগে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ করেছে। এরপর আহতরা ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। সেখানেও আবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

'২৪-এর জুলাইয়ের' ঘটনার সঙ্গে তুলনা

জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বর্তমান ঘটনার সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার তুলনা করেন।

তিনি লেখেন, 

স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিলো। ধ্বংস হোক নব্য ফেরাউনের দুই হাত।

ইউটিএলের নিন্দা ও উদ্বেগ

দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাঈর মুহাম্মদ এহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার ও মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রসংসদ নেতা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

বিবৃতিতে দাবি করা হয়, আহত শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরও সেখানে হামলা চালানো হয়েছে এবং হাসপাতাল অবরুদ্ধ করে রাখা হয়েছে। আহতদের দেখতে যাওয়া ইউটিএলের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুককেও অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনটি বলেছে, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক সহাবস্থানের জায়গা। কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষার্থী, শিক্ষক কিংবা সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইউটিএল সব ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, সহনশীল ও ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে অবরুদ্ধ শিক্ষকদের দ্রুত মুক্ত করারও দাবি জানিয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, মতপার্থক্যের সমাধান হতে হবে সংলাপ, যুক্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সহিংসতা, হামলা কিংবা প্রতিহিংসা কোনো সমাধান হতে পারে না। শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে দিনভর সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত ও আনুষ্ঠানিক অবস্থান জানার অপেক্ষা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা