ভুয়া মামলায় বাণিজ্য করছেন, পরিণতির জন্য প্রস্তুত থাকুন: রুমিন ফারহানা
ভুয়া মামলা দায়ের এবং মামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা কথিত বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুমিন ফারহানা। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক সংক্ষিপ্ত কিন্তু কড়া বার্তায় তিনি এ বিষয়ে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সোমবার (১৮ মে) দেয়া ওই পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।
মাত্র কয়েকটি লাইনের এ পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও পোস্টটি নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনা। অনেকেই পোস্টটিকে দেশের চলমান রাজনৈতিক ও আইনি বাস্তবতার প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন।
তবে নিজের পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি। কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীকেও সরাসরি দায়ী করেননি তিনি। ফলে পোস্টটির লক্ষ্যবস্তু কে বা কারা—তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিশ্লেষণ।
ফেসবুকে পোস্টটি প্রকাশের পরপরই হাজারো প্রতিক্রিয়া জমা পড়ে। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। অনেকে মন্তব্য করেছেন, সাম্প্রতিক সময়ে মামলা ও আইনি প্রক্রিয়াকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটেই রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা রুমিন ফারহানা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি একজন আলোচিত আইনজীবী হিসেবেও পরিচিত রুমিন ফারহানা প্রায়ই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। তার সাম্প্রতিক এ পোস্টও নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
সবার দেশ/কেএম




























