মধ্যাঞ্চলজুড়ে সাইরেন
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। শনিবার সন্ধ্যার পর থেকে একের পর এক হামলার ঘটনায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত প্রায় ২টার দিকে ইরান থেকে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয়। এর আগে একই সন্ধ্যায় আরও দুটি দফায় হামলা চালানো হয়েছিলো।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত অন্তত তিন দফায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল ছোড়া হয়েছে। নতুন এ হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। অনেক এলাকায় বাসিন্দাদের বাঙ্কার ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।
তবে সর্বশেষ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
সবার দেশ/কেএম




























