Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬

এনসিটি ইজারা বাতিলের দাবি জাতীয়তাবাদী শ্রমিকদলের

চট্টগ্রাম বন্দর কার্যত অচল ২ দিন—ক্ষতি শতকোটি টাকা

চট্টগ্রাম বন্দর কার্যত অচল ২ দিন—ক্ষতি শতকোটি টাকা
ছবি: সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। টানা কর্মবিরতিতে দেশের আমদানি–রফতানি বাণিজ্যের প্রধান এ বন্দরে দুই দিনের বেশি সময় ধরে কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের মতে, এ অচলাবস্থায় ক্ষতির পরিমাণ ইতোমধ্যে শতকোটি টাকা ছাড়িয়েছে।

আন্দোলনের মধ্যেই শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত শনিবার চারজনকে বদলির পর রোববার একযোগে আরও ১২ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও ও কমলাপুর আইসিডিতে বদলি করা হয়েছে। এতে দুই দিনে মোট ১৬ জনকে চট্টগ্রামের বাইরে পাঠানো হলো।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম বন্দরের প্রধান কর্মসংস্থান কর্মকর্তা (সিপিও) স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এসব বদলি কার্যকর করা হয়। আদেশে আজ সোমবার ভোরেই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ বদলিকৃত কর্মচারীদের মধ্যে রয়েছেন পরিবহন, পরিকল্পনা, বিদ্যুৎ, প্রশাসন, যান্ত্রিক, প্রকৌশল বিভাগ এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকে দুই দিনের কর্মবিরতির দ্বিতীয় দিনেও রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ ছিলো। বিকেলে সীমিত আকারে কাজ শুরু হলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলনের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজ সোমবারও একই সময় কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। কিন্তু আন্দোলন দমন করতে কর্তৃপক্ষ অন্যায়ভাবে কর্মচারীদের বদলি করছে। এসব বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার হবে বলে জানান তিনি।

তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, এ বদলি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নয়। বন্দর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের দাবি, জরুরি দাফতরিক ও অপারেশনাল প্রয়োজনেই নিয়মিত প্রক্রিয়ায় এ বদলি করা হয়েছে।

এদিকে আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দরের জেটি ছাড়া অন্য প্রায় সব জায়গায় কাজ বন্ধ রয়েছে। বিদেশগামী মাদার ভেসেলে সীমিত পরিসরে কনটেইনার ওঠানামা চললেও নতুন কোনো পণ্য বন্দরে প্রবেশ করছে না, আবার ডেলিভারিও হচ্ছে না। এতে ইয়ার্ড ও অফডকে বড় ধরনের জট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্দর সূত্র জানায়, এনসিটি ইজারা সংক্রান্ত একটি রিটে উচ্চ আদালতের রায় সরকারের পক্ষে যাওয়ার পরই ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয়তাবাদী শ্রমিকদল, সিবিএ ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ একযোগে আন্দোলনে নামে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষ সিএমপিকে চিঠি দিয়ে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার অনুরোধ করেছে। বন্দরকে প্রথম শ্রেণির কেপিআইভুক্ত প্রতিষ্ঠান উল্লেখ করে বন্দর এলাকায় মিছিল-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১৮০ জনের একটি তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি কর্মবিরতির কারণে হওয়া ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীরা অনড় অবস্থানে রয়েছেন। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ নুরুল্লাহ বাহার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনও অবস্থাতেই কর্মসূচি প্রত্যাহার করবেন না।

এদিকে বন্দর ব্যবহারকারীরা এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজিএমইএর সাবেক সহ-সভাপতি রকিবুল আলম খন্দকার বলেন, দুই পক্ষের অনড় অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে তৈরি পোশাক খাত মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তিন দিনের এ অচলাবস্থার প্রভাব বহুদিন ভোগাতে পারে।

বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সংকট সমাধান না হলে রমজানের আগে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি