এক বছরের চুক্তিতে দায়িত্ব
চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ
চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগের তথ্য জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন রফিকুল আই মোহাম্মদ। স্বাস্থ্যসেবা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হয়েছেন আবদুল খালেক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রশাসনিক মহলে এ নিয়োগকে নিয়মিত রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সবার দেশ/এফও




























