১৭ বছর বিদেশে কারা ‘গুপ্ত’ ছিলো—প্রশ্ন জামায়াত নেতার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা আজ জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দিচ্ছেন, তারাই দীর্ঘ ১৭ বছর বিদেশে অবস্থান করেছেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির ‘গুপ্ত উপদেষ্টা’ ছিলো এবং জনগণ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ অতীতে বহুবার রক্ত দিয়েছে, তবে ভবিষ্যতে আর কোনও সংঘাত দেখতে চায় না।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকার আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাচ্ছে। তবে জনগণ এমন শাসন আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রায় চার মাস ধরে চলা সংলাপে ৩৩টি রাজনৈতিক দল একমত হয়েছিলো। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বিএনপি আপত্তি জানিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেয়। তার অভিযোগ, অধিকাংশ দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে এবং এখন গণভোটের ফলাফল নিয়েও প্রশ্ন তুলছে।
তিনি আরও বলেন, সংবিধানের দোহাই দিয়ে বিএনপি ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সবার দেশ/কেএম




























