সাভারে বোমা হামলা প্রশাসনের ইন্ধনে পরিকল্পিত হত্যাচেষ্টা: নাহিদ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাপনী সমাবেশে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, প্রশাসনের সহায়তায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং এটি ছিলো দলীয় নেতাদের হত্যাচেষ্টার অংশ।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করলে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন,
আজকের এ বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেনো বিদ্যুৎ বন্ধ করে দেয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে। আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, গত বছরের আগস্টেও সাভার থেকে দলের কর্মসূচি শেষ হয়েছিলো। এবারও একই স্থানে প্রশাসনের সহযোগিতায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চালিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি বানচাল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।
তিনি আরও ঘোষণা দেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে।
পুলিশ ও জেলা প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে নাহিদ ইসলাম বলেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের কাছে জানতে চান, কেন কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলো এবং স্থানীয় সংসদ সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে কী ভূমিকা পালন করেছেন।
এনসিপির আহ্বায়ক জানান, হামলায় দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন। একই সঙ্গে বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি।
সবার দেশ/কেএম




























