এমপিদের প্রতি আহ্বান
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদের কার্যক্রম শুরু হোক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়েই।
রোববার (১ মার্চ) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য দেন।
আসিফ মাহমুদ বলেন,
সংসদ সদস্যদের প্রতি আহ্বান থাকবে—আপনারা যদি শেখ হাসিনার ফ্যাসিবাদের কন্টিনিউশেন না চান, তাহলে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে অভিশংসন করবেন। এ ব্যাপারে এনসিপির সংসদ সদস্যরা ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতিকে অভিশংসনের মধ্য দিয়েই সংসদের যাত্রা শুরু করা উচিত।
তিনি অভিযোগ করেন, নতুন সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে। কোটি কোটি ভোটারের সঙ্গে প্রতারণা করবেন না,—এমন আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমীর মাওলানা মামুনুল হক।
নাহিদ ইসলাম বলেন, এনসিপিকে সংসদের বাইরে রাজপথেও সক্রিয় থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে, তারপর অন্য বিচার। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে এবং সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবিও জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আজ বলছে ওয়াসিম আমাদের শহীদ, কিন্তু সংস্কারের বিরোধিতা করে যাচ্ছে—এটা শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে প্রভাবিত হচ্ছে এবং কঠিন অর্থনৈতিক সময়ে বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে।
অন্যদিকে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের বড় বেনিফিশিয়ারি বিএনপি, কিন্তু তারা গাদ্দারি করেছে।
এনসিপি নেতাদের ধারাবাহিক কড়া অবস্থান থেকে স্পষ্ট, রাষ্ট্রপতির অভিশংসন ও সংস্কার প্রশ্নে তারা সংসদ ও রাজপথ—দুই ক্ষেত্রেই চাপ অব্যাহত রাখতে চায়।
সবার দেশ/কেএম




























