অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: বিএনপি এমপি নাছির
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং মিত্র। তিনি দাবি করেন, অতীতে দুই দল একসঙ্গে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একীভূত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাছির চৌধুরী বলেন,
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।
তার এই বক্তব্য সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
বিএনপির অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আজকের এ সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনও সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে নাছির চৌধুরী বলেন, আমার কোনও ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওরাই চোর।
তিনি আরও বলেন, আমি কাউকে চুরি করার সুযোগ দিইনি বলেই তারা বলছে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করেছি। যারা এসব কথা বলে তারা উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করুক এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে।
সংসদ সদস্য দাবি করেন, জীবিত থাকা পর্যন্ত তিনি কাউকে দুর্নীতি করার সুযোগ দেবেন না। তার ভাষায়, আমি যতদিন বেঁচে আছি, ততদিন কাউকে দুর্নীতি করতে দেবো না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এমপি নাছির চৌধুরীর স্ত্রী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জুলাই স্মরণ সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিলো।
সবার দেশ/কেএম




























