Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ২৫ জানুয়ারি ২০২৬

জুলাই সনদই ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার ভিত্তি

একক শাসনের পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ

একক শাসনের পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

সংবিধানের দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর করে রাষ্ট্রকে একক ব্যক্তির কর্তৃত্ব থেকে বের করে আনতেই জুলাই সনদ ও গণভোটের উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণভোটবিষয়ক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। 

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বারবার একটি ব্যক্তির ইচ্ছা ও মর্জির হাতে রাষ্ট্রকে তুলে দেয়ার সুযোগ তৈরি হয়েছিলো। এ ভয়াবহ দুর্বলতা কাটিয়ে উঠতেই জুলাই সনদ প্রণয়ন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও সংলাপের মাধ্যমে জুলাই সনদ তৈরি করেছে। এ সনদে সংবিধানে সুস্পষ্ট ও কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এসব পরিবর্তন বাস্তবায়িত হলে রাষ্ট্রক্ষমতা আর কোনও একক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকবে না।

একক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংবিধানে এমন বিধান রয়েছে, যেখানে অধস্তন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালতে দণ্ডিত কোনও ব্যক্তিকেও রাষ্ট্রপতি ইচ্ছা করলেই ক্ষমা করতে পারেন। বাস্তবে এ ক্ষমতার ভয়াবহ অপব্যবহার হয়েছে। নামমাত্র রাষ্ট্রপতির ক্ষমা হলেও আদতে তা প্রধানমন্ত্রীর একক ইচ্ছাতেই কার্যকর হয়েছে।

এ পরিস্থিতি বন্ধ করতেই জুলাই সনদে একটি পৃথক কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বলা হয়েছে, কোনও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা দিতে হলে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি বাধ্যতামূলক হবে। আলী রীয়াজ বলেন, এ বিধান কার্যকর করতে হলে গণভোটে জনগণের স্পষ্ট সম্মতি প্রয়োজন। এর কোনও বিকল্প নেই।

নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধানে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ এবং সার্চ কমিটির কথা বলা আছে। কিন্তু গত তিনটি নির্বাচন পর্যালোচনা করে দেখা গেছে, এসব বিধান উপেক্ষা করে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য ভয়াবহ অনিয়ম ও অন্যায় সংঘটিত হয়েছে। এমনকি দলীয় পর্যায় থেকে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী করার কথাও বলা হয়েছিলো।

তিনি বলেন, ভবিষ্যতে যেনো কেউ রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়, তবেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে।

গণভোট প্রসঙ্গে আলী রীয়াজ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কারও ব্যক্তিগত কোনও লাভ হবে না। পরবর্তী নির্বাচিত সরকারই এ সনদ বাস্তবায়নের দায়িত্ব পাবে। এ কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা নয় মাস আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে। তিনি জুলাই সনদকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের একটি সামাজিক চুক্তি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, গণভোটে জনগণ হ্যাঁ বললে কোনও রাজনৈতিক দল নৈতিকভাবে এ অবস্থান থেকে সরে আসতে পারবে না।

সংবিধানে বিসমিল্লাহ, মহান আল্লাহর ওপর আস্থা ও রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হবে—এমন অপপ্রচারেরও জবাব দেন তিনি। আলী রীয়াজ বলেন, জুলাই সনদে রাষ্ট্রব্যবস্থার ৮৪টি বিষয়ে পরিবর্তনের প্রস্তাব রয়েছে, কিন্তু কোথাও এসব বিষয় বাদ দেয়ার কথা বলা হয়নি।

সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যারা আমার চরিত্র হনন করেছেন, তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির
যশোরের শার্শায় মাটি কাটার সময় বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক
বাগাতিপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি রনি গ্রেপ্তার
২৬টি অগ্রাধিকারসহ জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, সমাধান খুঁজছে আইসিসি
অপরাজিত বাংলাদেশ ফাইনালে, হ্যাটট্রিকে আলপি আক্তার
ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র শবেবরাত পালিত
জামায়াত নেতার নির্দেশে জাল ভোটের সিল তৈরি, ব্যবসায়ী গ্রেফতার
নির্বাচনে সততা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯, আহত অন্তত ৩১
কোরআন তিলাওয়াতের মাধ্যমে জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
জাতির উদ্দেশে ভাষণ দিতে প্রস্তুত এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
ফেসবুক ও ইউটিউবে নির্বাচনী প্রচারণায় নজরদারি, ইসির জরুরি নির্দেশ
নতুন দমননীতির উত্থান, এখনই প্রতিরোধ জরুরি: তারেক রহমান