Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১২ মার্চ ২০২৬

আপডেট: ০১:০৭, ১২ মার্চ ২০২৬

স্পিকারবিহীন অধিবেশনেই শুরু কার্যক্রম

নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ

নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
ছবি: সংগৃহীত

১৭ মাস বিরতির পর আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দ্বাদশ সংসদ ভেঙে দেয়ার পর দীর্ঘ সময় পর নতুন সংসদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যার সামনে রয়েছে বহু রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ। এবারের অধিবেশন রেওয়াজের বাইরে কিছুটা ব্যতিক্রমীভাবে শুরু হবে। শুরুতে স্পিকারের চেয়ার শূন্য থাকবে এবং পরে সংসদের মধ্য থেকেই একজন প্রবীণ সদস্যকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করা হবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। যেহেতু এখনও স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হয়নি, তাই বিধি অনুযায়ী একজন প্রবীণ সংসদ সদস্যকে সাময়িক সভাপতিত্বের জন্য মনোনীত করা হবে। পরে তার সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। এরপর পুনরায় অধিবেশন বসবে এবং সভাপতিমণ্ডলীর প্যানেল গঠন, শোক প্রস্তাব ও অন্যান্য কার্যক্রম শুরু হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে এবার সংসদে সরকার গঠন করেছে বিএনপি। দলটি মোট ২০৯টি আসনে জয়লাভ করেছে। দীর্ঘদিন পর সরকারি দলের আসনে বসতে যাচ্ছে বিএনপি, যা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

অন্যদিকে এবার প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। তাদের জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে বিরোধী জোটের ৭৭ জন সংসদ সদস্য সংসদে বসবেন।

সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির সংসদীয় দল এ দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। যদিও বিভিন্ন মহলে সম্ভাব্য কয়েকজনের নাম আলোচনায় থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। আজকের অধিবেশনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জুলাই জাতীয় সনদের আলোকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়ার একটি প্রস্তাব রয়েছে। বিএনপির পক্ষ থেকে জামায়াতে ইসলামীকে এ পদ গ্রহণের অনুরোধ জানানো হলেও দলটি এখনও স্পষ্ট সম্মতি দেয়নি। গতকাল সংসদীয় দলের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কারের প্রস্তাব পূর্ণ বাস্তবায়নের ভিত্তিতেই বিরোধী দল তাদের প্রাপ্য দায়িত্ব নিতে চায়।

এদিকে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্ধারণের ভার প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং এগুলো যাচাইয়ের জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু এখনও এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, সংসদে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দেশের বিভিন্ন সমস্যা সমাধানের পথ তৈরি হবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে। দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের পর দেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।

তবে অধিবেশন শুরুর আগেই কিছু বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে সংসদের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেয়ার বিষয়টি নিয়ে মতভেদ দেখা দিয়েছে। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদের সব কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রপতির ভাষণ হবে। কিন্তু এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেয়ার নৈতিক অধিকার রাখেন না।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম দিনের শোক প্রস্তাবে বিশেষ গুরুত্ব পাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা। তাদের স্মরণে সংসদে আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

প্রথম অধিবেশনে আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণ হওয়ার কথা রয়েছে। এর আগে বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ কয়েকটি সংসদীয় কমিটি গঠন করা হবে। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে।

সংসদের সূচি অনুযায়ী ১৫ মার্চ আবার বৈঠক বসবে। সেদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনা শুরু হবে। এরপর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংসদের অধিবেশন প্রায় ১৩ দিনের জন্য মুলতবি থাকতে পারে। ঈদের ছুটি শেষে ২৯ মার্চ আবার সংসদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ সংসদের অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র বহন ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতীয় সংসদ ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়। পরে অন্তর্বর্তী সরকার দ্রুত মেরামতের কাজ শুরু করে এবং অধিবেশন কক্ষসহ গুরুত্বপূর্ণ অংশগুলো পুনরুদ্ধার করা হয়।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিলো ২০২৪ সালের ৩০ জানুয়ারি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অধিবেশন শুরুর আগেই উত্তপ্ত সংসদ রাজনীতি
দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত
তিন শর্তে যুদ্ধ থামাতে প্রস্তুত ইরান
কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
নাফিজকে বহনকারী রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
দায়িত্বের বাইরে মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল
জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি
মিরপুরে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ