Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পাকিস্তানের

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পাকিস্তানের
ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে যৌক্তিক ও বৈধ বলে মনে করছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়েই মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড পাকিস্তান দলের সব ধরনের বিশ্বকাপ প্রস্তুতি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টে পাকিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি কোনও সম্মানজনক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে না পারে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত এলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, সে জন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে। জিও সুপার–এর সূত্র অনুযায়ী, পিসিবির অবস্থান হলো—আয়োজক হওয়ার অজুহাতে কোনও দেশকে চাপ বা হুমকির মুখে ফেলা উচিত নয়।

এর আগে, গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার নির্ধারিত ভেন্যু যদি কোনও কারণে পাওয়া না যায়, তাহলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত রয়েছে। বিষয়টি তখনই ইঙ্গিত দিয়েছিল যে, বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান শক্ত অবস্থান নিতে পারে।

অন্যদিকে, চলমান সংকট সমাধানে আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলো বিসিবি। তবে ভারতীয় ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড এ প্রস্তাবে রাজি নয়। আয়ারল্যান্ড তাদের নির্ধারিত গ্রুপ ছাড়তে সম্মত না হওয়ায় বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব কার্যত বাতিল হয়ে গেছে।

নিয়ম অনুযায়ী, কোনও দল রাজি না হলে আইসিসির পক্ষেও জোর করে গ্রুপ পরিবর্তন করানো সম্ভব নয়। একই সঙ্গে এতে স্বাগতিক শ্রীলঙ্কার সম্মতির বিষয়টিও জড়িত। বর্তমানে গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড, যাদের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলম্বো ও ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি, যাদের সব ম্যাচই নির্ধারিত ভারতের কোলকাতা ও মুম্বাইয়ে।

ভারত সফরে বাংলাদেশের অনীহার পরিপ্রেক্ষিতে আইসিসি ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে। আইসিসি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই এবং বাংলাদেশকে গ্রুপ ‘সি’-তেই খেলতে হবে। তবে বিসিবি যদি শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে, সেক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে আইসিসির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী