বেনাপোলে কুরিয়ার ভ্যানে অভিযান
২৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক বিজিবির
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে ট্রাস্কফোর্সের যৌথ অভিযানে এসব পণ্য আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা শাওয়ার জেল, গোল্ড অ্যান্ড লাভলি ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েভ কন্ডিশনার, হারবাল লাইফ নিউট্রিশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
টাস্কফোর্সের পরিচালক ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, আটক পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। ফলে সেগুলো জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























