নেতৃত্বে প্রথমবার তারেক রহমান
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকাল সাড়ে তিনটায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটিই তার নেতৃত্বে দলের প্রথম নির্বাচনী ইশতেহার। এর আগে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময়ের সব নির্বাচনী ইশতেহার তিনিই ঘোষণা করেছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ফলে ওই নির্বাচনে ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হওয়ায় সেগুলো বিএনপি বয়কট করে।
নির্বাচনী ইশতেহার সম্পর্কে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, বিএনপি গণমানুষের দল এবং তৃণমূলের ক্ষমতায়নে বিশ্বাসী। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ৩১ দফা কর্মসূচি নিয়ে দেশের বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত জনসম্পৃক্ত কার্যক্রম চালানো হয়েছে।
তিনি বলেন, এ জনসংযোগ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে সংযোজন-বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবভিত্তিক ও টেকসই নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে, যার লক্ষ্য মানুষের সমস্যার সমাধান ও জীবনমানের পরিবর্তন।
মাহদী আমীন আরও বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের ভিশন ও রূপকল্পের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও দৈনন্দিন সমস্যাকে ইশতেহারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পরিকল্পনাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে সেগুলো বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে কার্যকর হয়।
তিনি বলেন, তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর যে ‘হি হ্যাজ এ প্ল্যান’ বার্তা দিয়েছেন, তার প্রতিফলন থাকবে এ ইশতেহারে। প্রতিটি পরিকল্পনার মূল লক্ষ্য মানুষের ক্ষমতায়ন, স্বাধীনতা, স্বনির্ভরতা, সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক। ইশতেহারের প্রতিটি অংশে জনগণের অধিকার, নিরাপত্তা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং একটি সম্মানজনক জীবন নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকবে বলেও জানান তিনি।
সবার দেশ/কেএম




























