চাহিদা বেড়েছে, আতঙ্ক নয়
তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে: জ্বালানিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, মজুদ পর্যাপ্ত রয়েছে, সাময়িক চাপ তৈরি হলেও সংকটের আশঙ্কা নেই।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে সরবরাহ আগের মতোই চলছে, চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক অসামঞ্জস্য তৈরি হয়েছে।
তার ভাষায়, চাহিদা ও সরবরাহের মধ্যে একটি গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড হঠাৎ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই কিছুটা সংকট দেখা দিতে পারে। এটিকে সাময়িক পরিস্থিতি হিসেবেই দেখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জনগণকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান। তার মতে, অযথা মজুদ করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
মন্ত্রী আরও জানান, দেশের সবাই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাবেন এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তিনি বলেন, বাজারে তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এ ধরনের বিষয়গুলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পর্যালোচনা করে থাকে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল নিয়ে দীর্ঘ লাইনের যে চিত্র দেখা যাচ্ছে, তা মূলত বাড়তি চাহিদার ফল বলেই মনে করছে সরকার।
সবার দেশ/কেএম




























