Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ঐক্যের রাজনীতির আহ্বান 

পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির

পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ির রাজনীতি করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীত টেনে কে ভালো কে খারাপ—এভাবে রাজনীতি করে দেশ এগোবে না। সবাই একই সমাজের অংশ, ভিন্ন ভিন্ন পরিচয়ের হলেও আমরা সবাই এক বাগানের ফুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ–উদ্‌–দৌলা সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, কে বেশি পবিত্র আর কে কম—এমন তুলনা টানলে সবার ক্ষেত্রেই প্রশ্ন উঠে যাবে। তাই অতীতের দোষারোপ বাদ দিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলেই বাংলাদেশ। সবাই একসঙ্গে নিরাপদে থাকবে এবং সবার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। ধর্মের কারণে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

অর্থনৈতিক প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আল্লাহর সহায়তায় তারা ক্ষমতায় গেলে এ অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় কোনো আত্মীয়তা, দলীয় প্রভাব বা বিশেষ সুবিধা কাজ করবে না। কারো মামু-খালা, লাল-নীল টেলিফোন বা পদ-পদবির গুরুত্ব থাকবে না। প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী—ন্যায়ের প্রশ্নে সবাই সমান। যার যা পাওনা, তাকে তা ইনসাফের ভিত্তিতে বুঝিয়ে দেয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে, আর দেশ ভালো না থাকলে কেউই ভালো থাকতে পারবে না। গত ৫৪ বছরে পর্যায়ক্রমে তিনটি দল দেশ শাসন করেছে। তাদের শাসনামলের ফলাফল মানুষ দেখেছে, তাই নতুন করে বিচার করলেই বোঝা যায় কাদের ভোট দেয়া উচিত।

তিনি দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম ইতোমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণরা ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, তারা মদিনার আদলে শান্তি ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে চান। এমন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন, যেখানে নারীরা নিরাপদে ঘরে ও বাইরে চলাফেরা করতে পারবেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন এবং সমাজে সম্মানের সঙ্গে বাঁচবেন। সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না।

জনসভা শেষে নাটোরের চারটি সংসদীয় আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার
হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার
পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির
সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!
সেনাবাহিনীকে বিতর্কমুক্ত রাখাই রাষ্ট্রের স্বার্থ
স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল
মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম
জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
পুলিশের শীর্ষ পর্যায়ে ৮ কর্মকর্তার বদলি
এমপিওভুক্তির তালিকায় ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন
মিরপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের