শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তার মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরপর ওই দুই শিশু—সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর) বাড়িতে বাবার সঙ্গে ছিলো। মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী—তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।
সবার দেশ/কেএম




























