৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে মোট ৪৮ ঘণ্টার জন্য এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর ৯ মে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস পালন করে থাকে। এ উপলক্ষে রাজধানী মস্কোতে বড় আকারের সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়। সে ঐতিহ্যগত আয়োজনকে কেন্দ্র করেই এবারের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এ ঘোষণার পরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় বলেন, যুদ্ধবিরতি বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক অনুরোধ বা প্রস্তাব পৌঁছায়নি।
তিনি আরও বলেন, মানুষের জীবন যেকোনও উৎসব বা রাজনৈতিক আয়োজনের চেয়ে অনেক বেশি মূল্যবান। যুদ্ধ বন্ধে রাশিয়ার নেতৃত্বের এখনই বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তব পরিস্থিতিতে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, বিজয় দিবসের মতো প্রতীকী সময়কে কেন্দ্র করে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দিতে চাচ্ছে, তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এখনও বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি প্রয়োজন।
সবার দেশ/কেএম




























