নারী পোশাকশ্রমিককে হামলা নিয়ে রাজনৈতিক অপপ্রচার, মৃত্যুর খবরও গুজব
প্রেমঘটিত বিরোধে হামলার প্রাথমিক তথ্য পুলিশের; বিএনপি-যুবদল-ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, আশঙ্কামুক্ত নূপুর।
রাজধানীর মিরপুরে নারী পোশাকশ্রমিক নূপুর আক্তারের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক অপপ্রচার ও নানা ধরনের গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। হামলাকারীকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি চলমান পোশাকশ্রমিক আন্দোলনে অংশ নেয়ায় নূপুরের ওপর হামলা হয়েছে বলেও অপপ্রচার করা হয়। এমনকি হামলার শিকার নূপুর মারা গেছেন বলেও বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে।
তবে পুলিশের বক্তব্য ও বিভিন্ন সূত্রের অনুসন্ধানে এসব দাবির সত্যতা পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হামলার পেছনে রাজনৈতিক কিংবা পোশাকশ্রমিক আন্দোলনের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে রায়হান নামে এক যুবক নূপুরের ওপর হামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, নূপুর মারা যাননি; তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
গত বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীর রাজনৈতিক পরিচয়ের প্রচার, মিললো না প্রমাণ
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নূপুরের ওপর হামলাকারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি চলমান পোশাকশ্রমিক আন্দোলনে অংশ নেয়ার কারণেই তাকে আক্রমণের শিকার হতে হয়েছে বলে প্রচার করা হয়।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে এসব দাবির পক্ষে কোনও তথ্য পাওয়া যায়নি।
জাতীয় দৈনিক আগামীর সময়ের ফেসবুক পেজে বুধবার হামলার ঘটনায় গ্রেফতার রায়হানের একটি বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে রায়হানকে হামলার কারণ হিসেবে নূপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা বলতে শোনা যায়।
রায়হানের বক্তব্য অনুযায়ী, নূপুরের সঙ্গে তার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিলো। বিভিন্ন সময়ে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব দিলেও নূপুরের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। এ নিয়ে ক্ষোভ ও সম্পর্কের টানাপোড়েনের জেরেই তিনি নূপুরের ওপর হামলা করেন বলে জানান।
পুলিশও প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিরোধের বিষয়টি সামনে এনেছে। তাদের ভাষ্য অনুযায়ী, রায়হান ও নূপুরের মুঠোফোন পরীক্ষা করে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে বার্তা আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন,
তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে প্রেমঘটিত বিষয় নিয়ে বিচ্ছেদ বা কোনও সমস্যা থেকে রায়হান নূপুরের ওপর হামলা চালায়। রায়হানকে গ্রেফতার করা হয়েছে। নূপুর চিকিৎসাধীন আছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।
নূপুরের ফুফাতো ভাই আবদুল মান্নানও প্রথম আলোকে জানিয়েছেন, আগামী মাসের ১২ তারিখে নূপুরের বিয়ের দিন নির্ধারিত ছিলো। এ কারণে তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
নূপুরের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন
হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নূপুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি গণমাধ্যমেও এ ধরনের তথ্য প্রচার করা হয়। এতে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়।
তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
ডিএমপির ফেসবুক পেজে বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৩৩ মিনিটে দেয়া এক পোস্টে নূপুরের মৃত্যুর খবরকে গুজব বলে উল্লেখ করা হয়। সেখানে জানানো হয়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদারও গণমাধ্যমকে জানান, নূপুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ব্লাড ব্যাংক থেকে তার জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
তিনি বলেন,
নূপুরের মৃত্যুর তথ্যটি গুজব।
গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ
একটি ব্যক্তিগত বিরোধ ও সহিংসতার ঘটনাকে রাজনৈতিক পরিচয় এবং চলমান শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে প্রচারের ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। একই সঙ্গে একজন আহত ব্যক্তির মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিরোধের তথ্য সামনে এলেও হামলার প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র নিশ্চিত করতে তদন্তের চূড়ান্ত ফলাফল গুরুত্বপূর্ণ।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য বা ছবি প্রকাশের আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রাজনৈতিক পরিচয়, শ্রমিক আন্দোলন এবং মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে যাচাই ছাড়া তথ্য প্রচার করলে ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
সবার দেশ/এমকেজে




























