Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪১, ২৯ ডিসেম্বর ২০২৫

রমজানেও খোলা থাকবে বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে স্কুলের ছুটি কমলো ১২ দিন

২০২৬ শিক্ষাবর্ষে স্কুলের ছুটি কমলো ১২ দিন
ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন, যা চলতি শিক্ষাবর্ষের তুলনায় ১২ দিন কম। ২০২৫ সালে বিদ্যালয়গুলোতে বার্ষিক ছুটি ছিলো ৭৬ দিন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সাবিনা ইয়াসমিন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। এসব জাতীয় ও ধর্মীয় দিবসে ছুটি না থাকায় সামগ্রিকভাবে বিদ্যালয়ের বার্ষিক ছুটি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

রমজান ও ঈদকেন্দ্রিক ছুটিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালে পবিত্র রমজান ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। তবে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সে হিসাবে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিলো। ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। একইভাবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগের ১৫ দিনের পরিবর্তে এবার ছুটি থাকবে ১২ দিন। শীতকালীন অবকাশও এক দিন কমানো হয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে— পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিনের ছুটি। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে।

এদিকে নতুন করে ছুটির তালিকায় যুক্ত হয়েছে পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী (সা.)। এসব উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে, যা আগে বার্ষিক ছুটির তালিকায় ছিলো না।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও জোরদার করতেই ছুটি কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ