টাকা ধার চাইতেই অভিনেত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব
বিনোদন অঙ্গনের কাস্টিং কাউচের অভিজ্ঞতা প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। ক্যারিয়ারের শুরুর দিকে আর্থিক সহায়তা চাইতে গিয়ে এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে যৌন সম্পর্কের শর্তে টাকা দেয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে ক্যারিয়ারের শুরুতে আকাঙ্ক্ষার ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন ছিলো। পোশাক, প্রশিক্ষণসহ প্রতিযোগিতার বিভিন্ন ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের ছিলো না। এ কারণে পেজেন্ট অঙ্গনের পরিচিত এক ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান তিনি।

আকাঙ্ক্ষার দাবি, অর্থের বিনিময়ে কয়েক মাস ওই ব্যক্তির প্রতিষ্ঠানে কর্মী হিসেবেও কাজ করতে রাজি ছিলেন তিনি। পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় দেখা করতে বলেন। এর আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় তিনি কোনও সন্দেহ ছাড়াই সেখানে যান।
ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, বাসায় পৌঁছানোর পর ওই ব্যক্তি প্রথমে তাকে আলিঙ্গন করার চেষ্টা করেন। কিন্তু পরে জোর করে তাকে ধরে ফেলেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিলে ওই ব্যক্তি বলেন, তুমি যদি আরও আগে আমার কাছে আসতে, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় হতে পারতে।

এরপর ওই ব্যক্তি অর্থের বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। তার ভাষ্য,
ওই ব্যক্তি বলেন তিনি প্রয়োজনীয় টাকা দেবেন, তবে বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্ক রাখতে হবে। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে জানিয়ে দেন।
আকাঙ্ক্ষা বলেন, যদি আগে ওই ব্যক্তির আসল উদ্দেশ্য বুঝতে পারতেন, তাহলে কখনোই তার সঙ্গে দেখা করতে যেতেন না। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই ব্যক্তি তাকে বলেছিলেন, দুই বছরের মধ্যে এ সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হবেন।

তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়ে তার কোনও অনুশোচনা নেই বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ছয় মাস পর আমি একটি বড় শোয়ের অংশ হই। এক বছরের মধ্যেই দেশের অন্যতম বড় একটি মঞ্চে কাজ করার সুযোগ পাই। আমার সাফল্য ও পরিচিতি সম্পূর্ণ নিজের পরিশ্রমের ফল।
যদিও অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি আকাঙ্ক্ষা চৌধুরী। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনও বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ফলে অভিযোগটির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সবার দেশ/কেএম




























