জামায়াত আমিরের পোস্ট
সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের বার্তা
জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে কথিত ‘নিকৃষ্ট আচরণ’কে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা দেশে নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাওদা সুমি ভোলা পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নারী কর্মী।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।
তিনি আরও লেখেন, জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কিনা। লজ্জা, লজ্জা!
এর আগে গত ৫ এপ্রিল রাতে নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























