নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
নাইজারের তিলাবেরি অঞ্চলে গত ৬ জানুয়ারি সামরিক বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। হামলায় আরও তিনজন জিহাদি যোদ্ধা নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, রাজধানী নিয়ামি থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে এবং বুরকিনা ফাসো সীমান্তের কাছাকাছি কোকোলোকো গ্রামের একটি জনাকীর্ণ বাজারে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রামের ওপর দুবার ড্রোন উড়তে দেখা যায় এবং পরে বাজারে শত শত মানুষ উপস্থিত থাকা অবস্থায় অস্ত্র নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে বহু মানুষ গুরুতরভাবে দগ্ধ হন এবং কয়েকটি মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে। সংস্থাটি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। হামলার পর আতঙ্কে বহু গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
তিলাবেরি অঞ্চল দীর্ঘদিন ধরে আল কায়েদা ও দায়েশ সংশ্লিষ্ট জিহাদি গোষ্ঠীগুলোর সহিংসতায় জর্জরিত। ২০২৩ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের শাসকগোষ্ঠী সেখানে ব্যাপক সেনা মোতায়েন করলেও নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সাম্প্রতিক মাসগুলোতেও জিহাদি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
সবার দেশ/এফএস




























