Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আইনগত পথেই পদক্ষেপের ঘোষণা সালাহউদ্দিনের

হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত 

হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতিতে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার সম্ভাব্য বিচার নিয়ে দলটির অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো তদন্তাধীন। তদন্তে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে আমাদের প্রথম অঙ্গীকার। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার আইনের মাধ্যমেই হবে—রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনি প্রক্রিয়াই হবে প্রধান পথ।

ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু প্রতিবেশী ভারত নয়, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা ও সমঅধিকারের ভিত্তিতে। সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার প্রশ্নে কোনও আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের ফলাফলকে জনগণের প্রত্যাশার প্রতিফলন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখন উন্মুক্ত হয়েছে। জনগণের রায়কে সম্মান জানিয়ে নতুন সরকার রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে কাজ করবে।

নতুন সরকারের তিনটি প্রধান অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূল—এ তিন ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, আমাদের লড়াই ছিলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে চাই।

দলের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ‘৩১ দফা’র আলোকে সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’কে একটি রাজনৈতিক সমঝোতার দলিল উল্লেখ করে বলেন, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

নির্বাচনের গেজেট প্রকাশ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন শিগগিরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে বলে তারা আশা করছেন। গেজেট প্রকাশের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

সবশেষে তিনি গণমাধ্যমসহ দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, একটি সাম্যভিত্তিক ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য প্রয়োজন। নতুন সরকার সে লক্ষ্য নিয়েই এগোতে চায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা