Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ১ জানুয়ারি ২০২৬

শোকবার্তায় নরেন্দ্র মোদি

খালেদা জিয়ার আদর্শ তারেক রহমানের নেতৃত্বে নতুন পথ দেখাবে

খালেদা জিয়ার আদর্শ তারেক রহমানের নেতৃত্বে নতুন পথ দেখাবে
ছবি: সংগৃহীত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি খালেদা জিয়াকে সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী হিসেবে উল্লেখ করে তার আদর্শ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন পথচলা নিশ্চিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নরেন্দ্র মোদি তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও উত্তরাধিকার শুধু দলীয় রাজনীতিতেই নয়, ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতেও আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ প্রধানমন্ত্রী। তার মৃত্যুর পরপরই সোশ্যাল মিডিয়া এক্সে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। পরে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের কাছে শোকবার্তা পাঠান তিনি। বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তাটি তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে নরেন্দ্র মোদি লেখেন, আপনার মাতা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মাননীয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এ অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক।

তিনি আরও লেখেন, ২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনার কথা তিনি আন্তরিকভাবে স্মরণ করেন। তার ভাষায়, বেগম খালেদা জিয়া ছিলেন সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সে আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে তা এক নতুন রাজনৈতিক পথচলার দিকনির্দেশনা দেবে এবং ভারত-বাংলাদেশের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও গভীর ও অর্থবহ করে তুলবে।

বাংলাদেশের জাতীয় শোকের এ মুহূর্তে দেশটির জনগণের প্রতিও সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, বাংলাদেশের জনগণ ইতিহাসে বারবার তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। তিনি বিশ্বাস করেন, অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির পথেই এগিয়ে যাবে।

চিঠির শেষাংশে তারেক রহমানের প্রতি আবারও আন্তরিক সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, তিনি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন যেন তিনি তারেক রহমান ও তার পরিবারকে এ কঠিন সময় অতিক্রম করার শক্তি ও ধৈর্য দান করেন। একই সঙ্গে তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার জন্য শুভকামনাও জানান ভারতের প্রধানমন্ত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা