গণভোটের ভোটসংখ্যা নিয়ে বিভ্রান্তি
আব্দুন নূর তুষারের ভূয়া পোস্ট: প্রেস উইং
গণভোটে ভোটসংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক দাবিকে ভুয়া বলে খণ্ডন করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষার–এর একটি ফেসবুক পোস্টকে ঘিরে এ বিতর্কের সৃষ্টি হয়।
গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তুষার দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তোলেন, তাহলে বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।
পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনা তৈরি করে।
তবে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জানায়, তুষারের দেয়া তথ্য সঠিক নয়। তারা বলেছে, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট ভোট কাস্ট হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।
প্রেস উইংয়ের তথ্যমতে, এর মধ্যে অসঠিক পদ্ধতিতে ভোট দেয়ার কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট। ফলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।
তাদের দাবি, সরকারি গেজেটের তথ্য যাচাই করলে স্পষ্ট হয়—গণভোটে ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে—এমন তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ওই পোস্টকে বিভ্রান্তিকর ও ভুয়া বলে উল্লেখ করেছে প্রেস উইং।
গণভোট ও নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।
সবার দেশ/কেএম




























