Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে অপতথ্যের বন্যা, বেশিরভাগ উৎস ভারত

নির্বাচনের আগে অপতথ্যের বন্যা, বেশিরভাগ উৎস ভারত
প্রতীকি ছবি

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অপতথ্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, সুসংগঠিত এই অপপ্রচার ভোটারদের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, ছড়ানো অপতথ্যের বড় একটি অংশের উৎস ভারত।

প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। এমন প্রেক্ষাপটে নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্যযুদ্ধ তীব্র আকার নিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপতথ্যের ধরনও পাল্টেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মিথ্যা তথ্য শনাক্ত ও প্রতিরোধে তারা বিশেষ একটি মনিটরিং ইউনিট গঠন করেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব কনটেন্ট এতটাই নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে যে সাধারণ ব্যবহারকারীর পক্ষে তা ভুয়া কিনা বোঝা প্রায় অসম্ভব।

গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্কের কাছে সহায়তা চেয়ে বলেন, নির্বাচন ঘিরে দেশি-বিদেশি উৎস থেকে ‘অপতথ্যের বন্যা’ বইছে।

‘হিন্দু গণহত্যা’ দাবির বাস্তবতা

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত অপপ্রচারের একটি হলো বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ‘হিন্দু গণহত্যা’ চালানো হচ্ছে—এমন দাবি। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু, যাদের বড় অংশ হিন্দু সম্প্রদায়ের।

বাংলাদেশ পুলিশের জানুয়ারি মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ১২ শতাংশকে সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শুধু এক্স প্ল্যাটফর্মেই ‘হিন্দু গণহত্যা’ দাবিতে এক লাখ ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে সাত লাখের বেশি পোস্ট করা হয়েছে। সংস্থাটির প্রধান রাকিব নায়েক এএফপিকে বলেন, এসব পোস্টের ৯০ শতাংশের বেশি ভারত থেকে করা হয়েছে। বাকিগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী নেটওয়ার্ক থেকে এসেছে।

এআইয়ের ভয়ংকর ব্যবহার

এএফপির ফ্যাক্ট-চেক টিম একাধিক চাঞ্চল্যকর ভুয়া কনটেন্ট শনাক্ত করেছে। একটি এআই-তৈরি ভিডিওতে দেখা যায়, হাতবিহীন এক নারী আবেগঘন কণ্ঠে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট না দেয়ার আহ্বান জানাচ্ছেন। পরে যাচাই করে দেখা যায়, ওই নারীর কোনও বাস্তব অস্তিত্ব নেই।

আরেকটি ভিডিওতে এক হিন্দু নারী দাবি করছেন, তাদের একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, না হলে ভারতে নির্বাসিত করা হবে। এ ভিডিওটিও কৃত্রিমভাবে তৈরি।

ইউটিউব, ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে থাকা শত শত এআই-তৈরি ভিডিওর খুব অল্প অংশেই সতর্কতামূলক লেবেল রয়েছে।

ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা ডিজিটালি রাইটের প্রধান মিরাজ আহমেদ চৌধুরী বলেন, আগের যেকোনও সময়ের তুলনায় এখন ভুয়া তথ্যের পরিমাণ অনেক বেশি। বিনামূল্যের এআই টুল ব্যবহার করে অত্যন্ত বাস্তবসম্মত ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা শনাক্ত করা কঠিন।

অপতথ্যের বাস্তব প্রভাব

এ তথ্যযুদ্ধের প্রভাব কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকেনি। ভারতে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার জেরে আইপিএলে খেলার সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়ার ঘটনাও সামনে এসেছে।

তবে বিশ্লেষকরা বলছেন, এসব অপপ্রচারের পেছনে সরাসরি ভারত সরকার জড়িত—এমন প্রমাণ পাওয়া যায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ‘উদ্বেগজনক ধরন’ লক্ষ্য করেছে। একই সঙ্গে তারা স্বাধীন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

প্রযুক্তির সঙ্গে অসম লড়াই

নির্বাচন কমিশনের মুখপাত্র মো. রুহুল আমিন মল্লিক জানান, তারা মেটার সঙ্গে সমন্বয় করছে এবং সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণে বিশেষ ইউনিট গঠন করেছে। তবে প্রতিদিন বিপুলসংখ্যক নতুন পোস্টের কারণে এ লড়াই কঠিন হয়ে উঠছে।

নির্বাচন বিশ্লেষক জেসমিন তুলি বলেন, বাংলাদেশে এআই-ভিত্তিক অপতথ্য বিশেষ ঝুঁকি তৈরি করছে। সরকারি তথ্য অনুযায়ী শহরে ৮০ শতাংশ এবং গ্রামে ৭০ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন থাকলেও অনেকেই এখনো ডিজিটাল সাক্ষরতায় পিছিয়ে।

তার ভাষায়, তথ্য যাচাইয়ের সংস্কৃতি এখনো যথেষ্ট শক্তভাবে গড়ে ওঠেনি। ফলে প্রযুক্তিনির্ভর অপপ্রচার ভোটের পরিবেশকে প্রভাবিত করার বাস্তব ঝুঁকি তৈরি করছে।

তথ্যসূত্র: ডয়েচে ভেলে

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
গাজায় ভয়াবহ অস্ত্র ব্যবহার ইসরায়েলের, দেহ মিলছে না হাজারো নিহতের
রাজশাহীতে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
বিসিবিকে স্যালুট আসিফ নজরুলের
নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল যাত্রী যাতায়াত বন্ধ
নেতৃত্বের দৌড়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
হাসনাতের সাবেক প্রতিদ্বন্দ্বী মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
আপনার ভোটে সিদ্ধান্ত নিন দেশ কোন পথে যাবে: ড. ইউনূস
নির্বাচনের আগে অপতথ্যের বন্যা, বেশিরভাগ উৎস ভারত
প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
যদি অন্য দলকে ভোট দেন, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেবো: বিএনপি নেতা
ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা
নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া