রিমান্ডে নেয়ার পর উত্তেজনা
আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
মানবপাচার মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে আদালতে হাজির করার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রিমান্ড শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে কড়া নিরাপত্তায় হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আদেশের পর তাকে আদালত থেকে বের করে নেয়ার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকে এবং কয়েকজন তার দিকে ডিম ছুড়ে মারে। এতে সেখানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
শুনানির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে মানবপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, মামলার সুষ্ঠু তদন্তে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।

ডিবি সূত্রে জানা গেছে, মানবপাচার মামলার পাশাপাশি তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো।
এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সবার দেশ/কেএম




























