আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া (৫০) এবং স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান (৪০)। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে এক পক্ষের সমর্থককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়। এরপর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
সম্প্রতি প্রতিশোধমূলক একটি ঘটনার পর উত্তেজনা চরমে পৌঁছায়। এর জেরে গত ১৮ মার্চও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আবারও উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে গোয়ালনগরসহ আশপাশের একাধিক গ্রামের মানুষ অংশ নেয়। সংঘর্ষ চলাকালে প্রথমে আক্তার মিয়া নিহত হন। পরে পরিস্থিতি শান্ত করতে গিয়ে গুরুতর আহত হন ইমাম হাবিবুর রহমান, যিনি হাসপাতালে নেয়ার পর মারা যান।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষটি অত্যন্ত ভয়াবহ ছিলো এবং এতে একাধিক গ্রামের মানুষ অংশগ্রহণ করেছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
সবার দেশ/কেএম




























