সবাইকে সতর্ক থাকার আহ্বান
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের একটি অংশের ওপর এখনো স্বৈরাচারের প্রভাব বিদ্যমান রয়েছে। তারা জনগণের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ব্যাহত করতে নানামুখী অপকৌশল অবলম্বন করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং স্থানীয় কৃষি মেলার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত এখনো রয়ে গেছে। তারা জনসম্পৃক্ত কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের পথ রুদ্ধ করে তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে। সে অশুভ শক্তির অপতৎপরতা এখনও থেমে নেই।
সরকারপ্রধান বলেন, বর্তমান সরকার কৃষক ও মেহনতি মানুষের সরকার। এদিন উদ্বোধন করা ‘কৃষক কার্ড’ কর্মসূচি দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সবার দেশ/কেএম




























