কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবার গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। কোথাও এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় সড়কপথে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনও সড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাট ঘিরে যাতে যানজট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগাম পরিকল্পনা নেয়া হয়েছে। অনুমোদন ছাড়া কোনও স্থানে হাট বসাতে দেয়া হবে না। পাশাপাশি হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু রাখার সুযোগও থাকবে না।
হাটের নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব মোতায়েন থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া প্রতিটি হাটে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।
মীর শাহে আলম আরও বলেন, কোরবানির হাটে জাল বা নকল টাকা শনাক্ত ও প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ক্রেতা-বিক্রেতাদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল বুথও স্থাপন করা হবে।
সবার দেশ/কেএম




























