Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:১১, ১৯ মে ২০২৬

আপডেট: ০৬:১২, ১৯ মে ২০২৬

নারী এমপিদের সংসদে সক্রিয় ও দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী এমপিদের সংসদে সক্রিয় ও দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে বিএনপি দলীয় সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের উদ্দেশে এসব নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ ও কার্যকরভাবে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে। পাশাপাশি জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংসদে বক্তব্য দেয়ার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক, দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেনো জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সজাগ থাকার নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিলো। মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।

নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় জাতীয় সংসদে সংসদ সদস্যদের কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নারী সংসদ সদস্যরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় বিএনপি দলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন।

সভা শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগেই সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এবং দলের আদর্শ ও কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী সদস্যদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিসি প্রত্যাহার না হলে ডুয়েটে শাটডাউনের হুঁশিয়ারি
বন্দরের সংকট নিরসনে বেনাপোলে কাস্টমস কমিশনার-জামায়াত এমপির বৈঠক
শরীয়তপুর-ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
নিজ হাতে ‘৩৬ জুলাই’ গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত
নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
টাঙ্গাইল রেলস্টেশনের সরকারি জমিতে শ্রমিক দলের অফিস
নারী এমপিদের সংসদে সক্রিয় ও দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ