খাল খনন কর্মসূচিকে বিরোধীদলীয় নেতার সাধুবাদ
জামায়াতের আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
সোমবার (১৫ মার্চ) বেলা ২টা ৪৪ মিনিটে তিনি নিজের ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, একসময় বাংলাদেশ কার্যত নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিলো। নদীগুলো সচল থাকায় যাতায়াত, পণ্য পরিবহন এবং কৃষিক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এছাড়া মৎস্য সম্পদ, জমির উর্বরতা এবং বর্ষাকালে সঠিক পানিপ্রবাহ থাকায় ঘনঘন বন্যা বা দুর্ভোগের সমস্যা কম হতো।
তবে স্বাধীনতার পর থেকে ফারাক্কা বাঁধের প্রভাব এবং প্রধান নদী, খাল-বিল ভরাট হওয়ায় নদীগুলো এখন পানি ধারণ করতে পারছে না। এর ফলে অকাল বন্যা দেখা দেয়, শুকনো মৌসুমে নদী মরুভূমির মতো রূপ ধারণ করে এবং শহরগুলো পানিতে তলিয়ে যায়। নৌ-চলাচল ও কৃষির জন্য প্রয়োজনীয় পানি থাকছে না।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ বাঁচাতে প্রধান নদীতে পর্যাপ্ত ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। তিনি উল্লেখ করেন, অতীতে নদী সংস্কারে বাজেট থাকলেও লুটপাট ও স্বচ্ছতার অভাবে কোনও সুফল পাওয়া যায়নি।
বিরোধী দলীয় নেতা বলেন, স্বচ্ছতার বিকল্প নেই। সরকারের দায়িত্ব হলো দেশবাসীর আমানত সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং নদী ও খালের জীবনের স্বাভাবিক পুনরুদ্ধারের মাধ্যমে খাল খননের সুফল নিশ্চিত করা। নদীগুলো প্রাণ ফিরে পেলে নাব্যতাও ফিরবে, অন্যথায় জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবেনা।
সবার দেশ/কেএম




























